কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের মাত্র চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিসানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করার সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিসানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, অপহরণের পর তাকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ বন্দি রেখে নির্মম নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন জানান, জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ছাত্রদল। চকরিয়া উপজেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম বাপ্পি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন