বিশ্বজুড়ে পর্যটকদের প্রিয় গন্তব্য, পরিচিতি ও ভ্রমণের অভিজ্ঞতার বিচারে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহরের খেতাব জয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ফরাসি রাজধানী প্যারিস। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক সূচকে এ তথ্য উঠে এসেছে।
ইউরোনিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ‘২০২৬ গ্লোবাল ট্যুরিজম সিটি অ্যাট্রাকটিভনেস ইনডেক্স’ শীর্ষক এই সূচকটি যৌথভাবে প্রকাশ করেছে ইয়ানোলজা রিসার্চ, পারডু ইউনিভার্সিটি এবং কিউং হি ইউনিভার্সিটি।
বিশ্বের ২০০টি প্রধান শহরের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন প্রস্তুত করা হয়েছে। তবে সাধারণ ধারার মতো কেবল পর্যটকের সংখ্যা কিংবা হোটেল বুকিংয়ের ওপর নির্ভর না করে, ১৪টি ভিন্ন ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণবিষয়ক পর্যালোচনার ভিত্তিতে শহরগুলোর পরিচিতি ও আকর্ষণ পরিমাপ করা হয়।
সামগ্রিক র্যাঙ্কিংয়ে শীর্ষ দুই শহর নিউইয়র্ক ও প্যারিসের পর যথাক্রমে অবস্থান করছে জাপানের ওসাকা ও কিয়োটো, দক্ষিণ কোরিয়ার সিউল, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির রোম, থাইল্যান্ডের ব্যাংকক, জাপানের ওকিনাওয়া এবং যুক্তরাষ্ট্রের শিকাগো।
শুধুমাত্র পরিচিতির বিচারে নিউইয়র্ক প্রথম ও প্যারিস দ্বিতীয় স্থানে থাকলেও, ‘সবচেয়ে আকর্ষণীয় শহর’-এর একক তালিকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে জাপানের ওসাকা। এই তালিকায় ওসাকার পর রয়েছে যথাক্রমে কিয়োটো, নিউইয়র্ক, সিউল ও প্যারিস।
গবেষকরা জানান, বর্তমান যুগে শুধু ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপত্য থাকলেই কোনো শহর পর্যটকদের মন জয় করতে পারে না। বরং যেসব শহর পর্যটকদের জন্য আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে পারছে, সেগুলোই বিশ্ব পর্যটন বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্ব পর্যটকদের মন জয়ে এশিয়ার শহরগুলো অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। সামগ্রিক সূচকে শীর্ষ ১০টি সবচেয়ে আকর্ষণীয় শহরের ছয়টিই এশিয়া মহাদেশে অবস্থিত।

আপনার মতামত দিন