উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর প্রভাবে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া শুক্র ও শনিবার (১৪ ও ১৫ আগস্ট) বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। এ দুই দিন দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং বাকি বিভাগগুলোর কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার মতামত দিন