হোম / পরিবেশ ও জলবায়ু / তিন মাসের নিষেধাজ্ঞা শেষ, আজ থেকে উন্মুক্ত সু...
পরিবেশ ও জলবায়ু

তিন মাসের নিষেধাজ্ঞা শেষ, আজ থেকে উন্মুক্ত সুন্দরবন

ডেস্ক রিপোর্ট
০১ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০৫ পূর্বাহ্ন
৮১ বার পঠিত
ফন্ট:
মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন রাখতে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও উন্মুক্ত হলো সুন্দরবন।

মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন রাখতে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও উন্মুক্ত হলো সুন্দরবন। এর ফলে সরকারি নিয়ম মেনে আজ থেকেই বনে প্রবেশ করতে পারছেন জেলে, বাওয়ালি ও পর্যটকরা।

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ, মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখে বন বিভাগ। টানা তিন মাস মানুষের আনাগোনা ও নৌযানের শব্দ না থাকায় বিশ্বখ্যাত এই ম্যানগ্রোভ বন ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বনের চরে হরিণের অবাধ বিচরণ, কুমিরের রোদ পোহানো এবং বন্যপ্রাণীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণ ফিরে পায় সুন্দরবন।

নিষেধাজ্ঞার এই সময়ে সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে মোট ৬৩টি অভিযান চালানো হয়। এসব অভিযানে বন অপরাধের অভিযোগে ৩৯টি মামলা করা হয়েছে এবং ৩৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ১২টি ট্রলার, ৫০টি নৌকা, ৫৫টি জাল, ২৮ বোতল ও দুই লিটার তরল বিষ এবং হরিণ শিকারের ৬ হাজার ২৯০টি ফাঁদ জব্দ করা হয়েছে। এ ছাড়া বিষ প্রয়োগে শিকার করা মাছ, কাঁকড়া, মধু ও শুঁটকি উদ্ধার করা হয়। গত বছরের তুলনায় এ বছর বন অপরাধের পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, নিষেধাজ্ঞার এই সময়ে নদী-খালে মাছের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ সহজ হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় আকাশপথে ড্রোনের নজরদারি এবং স্মার্ট টহল জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ২০২২ সাল থেকে তা বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন কর্মহীন জেলেদের সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়। আজ থেকে বন উন্মুক্ত করা হলেও সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও বনজীবীদের নির্দিষ্ট নিয়ম ও সতর্কতা মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে বন বিভাগ।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+