চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ৩০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। আকস্মিক এই বিস্ফোরণে ওই এলাকার একটি বসতবাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও লন্ডভন্ড হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গ্রামের এহু হোসেনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকট শব্দে ঘটা এই বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ককটেলগুলো মাটির নিচে মজুত করা ছিল। যে ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, বিজিবি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ককটেলগুলো কীভাবে এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল, তা উদঘাটনে তদন্ত চলছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন