কিশোরগঞ্জের ভৈরবে রোকন আহমেদ জয় (২৬) নামের এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোকন আহমেদ জয় ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় দুই বছর সিঙ্গাপুরে ছিলেন তিনি এবং ঘটনার প্রায় এক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কোনো এক সময় ঘর থেকে ডেকে নিয়ে রোকনকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর হত্যাকাক্ষটি ধামাচাপা দিতে তার মরদেহ বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্বজনরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
পুলিশ জানায়, সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভৈরব থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং মৃত্যুর আসল কারণ কী, তা উদঘাটনে পুলিশ গভীরভাবে কাজ করছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন