চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আবু ছিদ্দিক নামের এক গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং জড়িত থাকার অভিযোগে নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্শনা থানার একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি ও চণ্ডীপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি সদস্য আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে অভিযান চালায়। তাঁকে আটকের পর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায় এবং হ্যান্ডকাপ পরা অবস্থাতেই তাঁকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ জানান, আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালানো হয় এবং এতে দুই পুলিশ সদস্য আহত হন। পলাতক আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন