প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত প্রাঙ্গণে নেওয়ার সময় সেখানে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম নিক্ষেপ করে এবং তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তীব্র প্রতিবাদ জানায়।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তানভীর তা মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন, তবে তার আগেই পোস্টটির স্ক্রিনশট দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিতর্কের জের ধরে তাকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এজাহারে ২৯ জুলাইয়ের ওই বিতর্কিত পোস্টের বিষয়টি উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, ঢাকার মনিপুরী এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তারের পর বগুড়ায় এনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন