ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকা এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জেরে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে নিরাপত্তা শঙ্কায় চরম দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন দূরজয় রহমান অনিক (২৬) নামের এক যুবক ও তার পরিবার।
রোববার (৪ অক্টোবর) আলফাডাঙ্গা প্রেসক্লাব-সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা দূরজয় রহমান অনিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনিক জানান, সচেতন নাগরিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এর ধারাবাহিকতায় নওয়াপাড়া গ্রামের রবি ঘোষের মাদক কারবারের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে তাকে গ্রেফতারে সহায়তা করেন তিনি। পরবর্তী সময়ে আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় রবি ঘোষকে ৯ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনিকের অভিযোগ, এই ঘটনার পর থেকেই রবি ঘোষের সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। বাকাইল গ্রামের দরবেশ মিয়ার ছেলে রাসেল মিয়া ও তার সৌদি আরবপ্রবাসী ভাই সোহেল মিয়া তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এর মধ্যে রাসেল মিয়া প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং প্রবাসী সোহেল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার বোনকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এই যুবক।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অনিক। তবে অনিকের আনীত এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত রাসেল ও সোহেলের পরিবার।

আপনার মতামত দিন