চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট এলাকায় পৌঁছালে হঠাৎ ‘ন’ ও ‘ত’ নম্বর বগির সংযোগ হুক ভেঙে আলাদা হয়ে যায়। তবে চালক সময়মতো বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। খবর পেয়ে রেলওয়ের কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের কাজ শুরু করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রেলযোগাযোগ স্বাভাবিক হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন