হোম / সারাদেশ / আজ রাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিনের...
সারাদেশ

আজ রাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা শুরু

চাঁদপুর প্রতিনিধি
০৭ অক্টোবর, ২০২৬ | ০৫:৫৩ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে থেকেই নদী থেকে নৌকা ও জাল তীরে তুলে নিতে শুরু করেছেন চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে। কেউ নৌকা মেরামত করছেন, আবার কেউ জাল শুকিয়ে নিরাপদে গুছিয়ে রাখছেন। এই ২২ দিন নদীতে মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে খাদ্যসহায়তা প্রদান করা হবে।

মা ইলিশ রক্ষার লড়াইয়ে আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে দেশের অন্যতম প্রধান মৎস্যক্ষেত্র পদ্মা-মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করতে প্রতিবছরই এই নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা হয়। এর ফলে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই নদী ও ইলিশের সুদীর্ঘ ঐতিহ্যের কারণেই চাঁদপুর দেশজুড়ে ‘ইলিশের বাড়ি’ হিসেবে পরিচিত।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে থেকেই নদী থেকে নৌকা ও জাল তীরে তুলে নিতে শুরু করেছেন চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে। কেউ নৌকা মেরামত করছেন, আবার কেউ জাল শুকিয়ে নিরাপদে গুছিয়ে রাখছেন। এই ২২ দিন নদীতে মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে খাদ্যসহায়তা প্রদান করা হবে।

তবে জেলেদের অভিযোগ, ২২ দিন সম্পূর্ণ কর্মহীন থাকায় কেবল খাদ্যসহায়তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা এবং ঋণের কিস্তি পরিশোধের চাপ সামলাতে খাদ্যসহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা।

নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর অবস্থান। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, আইন অমান্য করে কেউ নদীতে নামলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ ও নৌবাহিনী যৌথভাবে নদীতে টহল ও অভিযান পরিচালনা করবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলে ন্যূনতম ছয় মাসের কারাদণ্ড এবং সংশ্লিষ্ট জেলের কার্ড বাতিল করা হবে। এছাড়া নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ঋণের কিস্তি পরিশোধের বাড়তি চাপের মুখে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতায় এই নিষেধাজ্ঞা সফল হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেরাও উপকৃত হবেন।

 

 

মাতুভূমি/এসএফ

চ
চাঁদপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+