ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
দীর্ঘ অভিনয় জীবনে নিখুঁত অভিনয়শৈলী ও দাপুটে সংলাপের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে এক অনন্য স্থান করে নিয়েছিলেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই কিংবদন্তি 'নটসম্রাট', 'ওয়াজুদ', 'পরিন্দা', 'আব তাক ছাপ্পান' এবং 'যশোবন্ত'-এর মতো অসংখ্য স্মরণীয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন।
১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ২০০০-এর দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। বাণিজ্যিক ধারার কমেডি ছবি ‘ওয়েলকাম’ (২০০৭) ও এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার উদয় শেট্টির চরিত্রে অভিনয় করে তিনি সিনেপ্রেমীদের মনে বিশেষ আলোড়ন তোলেন। এছাড়া জনপ্রিয় রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ (২০১০) ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পান এবং ২০১৬ সালে মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক সময়ে তাকে ‘হাউসফুল ৫’ সিনেমাতেও পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল।
অভিনয়ের পাশাপাশি সংগীতজগতেও নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। ১৯৯৭ সালে 'যশোবন্ত', ১৯৯৮ সালে 'ওয়াজুদ' এবং ২০০৩ সালে 'আঁচ' চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়ে দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা অর্জন করেছিলেন এই গুণী শিল্পী।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন