হোম / সারাদেশ / চিকিৎসাধীন অবস্থায় মিডওয়াইফ নার্স বিথীর মৃত...
সারাদেশ
সিজারের সময় পেটে গজ রাখার অভিযোগ:

চিকিৎসাধীন অবস্থায় মিডওয়াইফ নার্স বিথীর মৃত্যু

জেলা প্রতিনিধি ► রাজবাড়ী
০৮ অক্টোবর, ২০২৬ | ০৭:১১ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারের সময় পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম।

বিথী আক্তার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজারিয়ান অপারেশন হয়। তবে অস্ত্রোপচারের পর থেকেই তিনি মারাত্মক শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তার পেটে গজ রেখেই সেলাই সম্পন্ন করেছিলেন।

অবস্থার ক্রমাগত অবনতি হলে প্রায় দুই মাস পর তার পেটে আবারও অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে নাড়িতে গুরুতর জটিলতা দেখা দিলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বাইপাস সার্জারিসহ দীর্ঘ ও জটিল চিকিৎসার পর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। দীর্ঘ এই অসুস্থতার কারণে ৬১ কেজি ওজনের বিথীর ওজন কমে মাত্র ৩৮ কেজিতে নেমে আসে। নিজের নবজাতক সন্তানকে কোলে নেওয়া বা দুধ খাওয়ানোর সামর্থ্যও হারিয়ে ফেলেছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণী মা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বিথীর মৃত্যুর খবরটিকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জেলা প্রশাসক ও তিনি নিজে বিথীর বাড়িতে গিয়ে তার শিশুসন্তানকে দেখে এসেছেন বলেও জানান তিনি।

 

 

 

মাতুভূমি/এসএফ

জ
জেলা প্রতিনিধি ► রাজবাড়ী

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+