সিনেমার পর্দায় তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি ছিল ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রে প্রতিবাদী ও দাপুটে চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘ অভিনয়জীবন ও রাজনৈতিক পথ পরিক্রমা শেষে এবার সেই পর্দার ‘মিনিস্টার’ চরিত্রটিই যেন বাস্তব রূপ পেল।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ এই অভিনেতা। রাজ্য সরকার প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই পদে থেকে তিনি পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এর আগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের একটি সরকারি অনুষ্ঠান থেকে মিঠুন চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে সেই ঘোষণা অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি করা হলো। বর্তমানে তথ্য ও সংস্কৃতি দপ্তরটি মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে। এই দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তী কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এর পাশাপাশি, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পালন করবেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন এবং বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন। গত কয়েক বছর ধরে দলের বিভিন্ন প্রচারণায় সক্রিয় থাকার পর, এবার প্রশাসনিক কাঠামোর ভেতরে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পেলেন এই জনপ্রিয় ‘মহাগুরু’।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন