রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে আজ রোববার (১১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা বিপুল সংখ্যক পর্যটক খাগড়াছড়িতে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবিতে ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ যৌথভাবে এই অবরোধ কর্মসূচির ডাক দেয়। গতকাল শনিবার যৌথ বিবৃতিতে সংগঠন দুটির দায়িত্বশীল প্রতিনিধিরা এই কর্মসূচির ঘোষণা দেন।
অবরোধের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রাতের বাসে আসা পর্যটকরা সকালে খাগড়াছড়ি পৌঁছেই বিপাকে পড়েন। সাজেক গামী সকালের নির্ধারিত সিকিউরিটি এস্কর্ট বাতিলের কারণে নারী ও শিশুদের নিয়ে আসা পরিবারগুলো মারাত্মক দুর্ভোগে পড়েছে। অনেকে বাধ্য হয়ে খাগড়াছড়ির স্থানীয় হোটেল-মোটেলে সাময়িক আশ্রয় নিচ্ছেন, আবার কেউ কেউ শহরের আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে সময় কাটাচ্ছেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহণ জীপ মালিক সমিতি ও যানবাহন কল্যাণ সমিতির সাজেক কাউন্টার সূত্রে জানা গেছে, পর্যটকদের সুরক্ষায় দুপুর নাগাদ বিশেষ নিরাপত্তা প্রহরায় (এস্কর্ট) সাজেকে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে এবং পর্যটনকেন্দ্রে অবস্থানরত পর্যটকরা নিরাপদে আছেন। খাগড়াছড়িতে আটকে থাকা পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন