দীর্ঘ নয় বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী কুসুম সিকদার। তাঁর নতুন এই গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। সম্প্রতি একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ্যে এসেছে।
‘প্রবল ঘোর’ গানটির কথা লিখেছেন কুসুম সিকদার নিজেই। সুর, সংগীতায়োজন ও পরিচালনায় ছিলেন মাহমুদ সানী। জানা গেছে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় গানটি রেকর্ড করা হলেও এতদিন তা প্রকাশের অপেক্ষায় ছিল।
এর আগে ২০১৭ সালে কুসুম সিকদারের মৌলিক গান ‘নেশা’ মুক্তি পেয়েছিল, যা শ্রোতামহলে ব্যাপক সমাদৃত হয়। সেই গানটির ইতিবাচক সাড়াই তাঁকে নতুন এই গানটি প্রকাশে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
কক্সবাজারের মনোরম বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। এর আগে কুসুমের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর ভিডিও পরিচালনাও করেছিলেন তিনি।
বর্তমানে গানটির মিউজিক ভিডিও কুসুম সিকদারের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন