ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, দুর্নীতি, অবৈধ অর্থ লেনদেন ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাসারুলবারী ও উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্লা । এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, চলমান নিয়োগপ্রক্রিয়া বাতিল এবং স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে নতুন করে ডিলার নিয়োগের দাবিতে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (১১ অক্টোবর) বেলা ১টায় আলফাডাঙ্গায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাশারুল বারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি কায়ুম সিকদার, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তারিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলফাডাঙ্গা উপজেলায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে একটি সুবিধাবাদী চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের প্রভাব খাটিয়ে নিয়োগপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন বলে দাবি করেন তাঁরা। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তব্যে আরও অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সার সংকট সৃষ্টি ও কৃষকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে—এমন কিছু ব্যক্তি এবং তাঁদের স্বজনদের নতুন করে সার ডিলারশিপ দেওয়ার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে অবৈধ অর্থ লেনদেন ও ঘুষ বাণিজ্যের অভিযোগও তোলা হয়। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের স্বাধীন যাচাই বা প্রমাণ উপস্থাপনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। তাই সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রভাব কিংবা অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগ করা হলে প্রকৃত ব্যবসায়ী ও কৃষকরা বঞ্চিত হতে পারেন।
চার দফা দাবি
সংবাদ সম্মেলনে নেতারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অভিযোগের মুখে থাকা সার ডিলার নিয়োগপ্রক্রিয়া বাতিল, সরকারি বিধিবিধান মেনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগ, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি নির্ধারিত মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করে কৃষকদের অধিকার রক্ষা।
বক্তারা আরও বলেন, সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ কৃষক ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কৃষি মন্ত্রণালয় এবং বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন