‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের জন্য দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে সুপরিচিত বিশিষ্ট লোকসংগীত শিল্পী স্বাগত দে চিরবিদায় নিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) রাতে ভারতের পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট হৃদরোগে (ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হলে তাকে প্রথমে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পশ্চিমবঙ্গের বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে ভাটিয়ালি থেকে শুরু করে বিভিন্ন ঘরানার লোকসংগীত পরিবেশনায় সমান পারদর্শী ছিলেন। বিশেষ করে ‘ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’ গান দুটি তাকে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সংগীতের পাশাপাশি অভিনয়েও তার স্বচ্ছন্দ বিচরণ ছিল; ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই গুণী শিল্পীর অকালপ্রয়াণে দুই বাংলার সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে শিল্পী জোজো মুখোপাধ্যায় লিখেছেন, "তারাদের দেশে ভালো থেকো।" অন্যদিকে সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে লেখেন, "বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে হারালাম। অনেক ভালোবাসা।"

আপনার মতামত দিন