জীবনপ্রভাতে এসে কি সন্তানের অভাববোধ করছেন বলিপাড়ার ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খান? বলিউড সুপারস্টারকে ঘিরে এখন এমনই জোর গুঞ্জন চলছে। জানা গেছে, করণ জোহরের তুমুল জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু গোপন তথ্য তুলে ধরেছেন এই তারকা, যেখানে তিনি নিজের বাবা হওয়ার সুপ্ত ইচ্ছার কথাও স্বীকার করেছেন।
অনুষ্ঠানে সঞ্চালক করণের প্রশ্ন ছিল— নিজের সন্তান না থাকার শূন্যতা তিনি অনুভব করেন কি না। উত্তরে অত্যন্ত খোলামেলাভাবে সালমান স্বীকার করেন যে, তিনি নিজের সন্তান চান। শুধু তাই নয়, আলোচনায় পরিবার, মানসিক নির্ভরতা এবং জীবনে একজন উপযুক্ত জীবনসঙ্গীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
দীর্ঘদিন ধরে রুমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক জায়গায় তাদের একসঙ্গে উপস্থিতি সেই চর্চাকে উসকে দিলেও বিষয়টি নিয়ে কখনোই স্পষ্ট করে মুখ খোলেননি দুজনের কেউই।
শো-এর প্রচার ঝলকে সালমান ও করণের বেশ কিছু রসাত্মক মুহূর্ত নজর কেড়েছে। হাস্যরসের ছলে সালমানকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণ-এর পর হবে কফি উইথ সালমান।’ জবাবে আবার এক ব্যক্তিগত প্রশ্ন করে বসেন করণ— ‘আপনি কি এখনো কুমার?’ হাসিমুখেই অভিনেতার উত্তর, ‘সংযত হও ভাই, সংযত হও।’ উল্লেখ্য, শো-এর আগের একটি সিজনে সালমান রসিকতা করে দাবি করেছিলেন যে তিনি কুমার।
পুরোনো সেই প্রসঙ্গে হাসাহাসি হলেও করণ মন্তব্য করেন যে, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও পরিপক্ক হয়েছেন। উত্তরে অভিনেতা বলেন, ‘এতদিন ধরে অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের জীবনে সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।’
আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হতে যাচ্ছে ‘কফি উইথ করণ’-এর নতুন ও শেষ সিজন। প্রথম পর্বেই করণের মুখোমুখি হয়ে চমক দিতে যাচ্ছেন সালমান খান। দীর্ঘ ২২ বছরের এই ঐতিহ্যবাহী চ্যাট শো-এর নবম সিজনের মাধ্যমেই সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানা গেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন