রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ফের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে ইতিপূর্বে স্থগিত হওয়া ৪৮ ঘণ্টার কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নতুন করে এই অবরোধ পালিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে গত ১১ অক্টোবর সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করেছিল সংগঠন দুটি। তার আগে গত ৮ অক্টোবর উজো বাজারে অনুষ্ঠিত সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়ায় ওই অবরোধ ডাকা হয়। পরবর্তীতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচিটি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।
নেতৃবৃন্দের অভিযোগ, সাজেকের মাচালংসহ বিভিন্ন অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা অবস্থান করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নিরীহ বাসিন্দাদের হয়রানি বন্ধ করা এবং ওই সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় এলাকার জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষে তারা আবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কে অবরোধের কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং পর্যটকদের দ্রুত নিরাপদ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। যার ফলে নির্ধারিত সময়ের আগেই পর্যটকরা সাজেক ছেড়ে চলে যান। নতুন করে এই অবরোধের ঘোষণায় সাজেকের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
সংগঠন দুটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, রোগী ও জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন