হোম / বিনোদন / ঢাকায় একই মঞ্চে জেমস ও হাসান
বিনোদন

ঢাকায় একই মঞ্চে জেমস ও হাসান

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ | ০৩:২৩ অপরাহ্ন
১১০ বার পঠিত
ফন্ট:
বাংলা ব্যান্ডসংগীতের নব্বইয়ের দশকের সেই উন্মাদনা আবারও ফিরছে ঢাকার মঞ্চে। দীর্ঘদিন পর একই কনসার্টে গান শোনাতে একসঙ্গে হাজির হচ্ছেন নগরবাউলের জেমস এবং আর্ক ব্যান্ডের হাসান।

বাংলা ব্যান্ডসংগীতের নব্বইয়ের দশকের সেই উন্মাদনা আবারও ফিরছে ঢাকার মঞ্চে। দীর্ঘদিন পর একই কনসার্টে গান শোনাতে একসঙ্গে হাজির হচ্ছেন নগরবাউলের জেমস এবং আর্ক ব্যান্ডের হাসান। জনপ্রিয় এই দুই রকস্টারকে একই মঞ্চে দেখার সুযোগ ঘিরে ইতিমধ্যে সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ১৬ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন জানিয়েছে, জেমস ও হাসানের পাশাপাশি এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

এই আয়োজনে থাকছে আরও কিছু বিশেষ আকর্ষণ। জনপ্রিয় গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেওয়ার পাশাপাশি একক গিটার পারফর্মও করবেন। এছাড়া কনসার্টের সূচিতে রয়েছে একে রাহুলের একক পরিবেশনা।

নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ডের স্বর্ণযুগে জেমস ও হাসান দুজনেরই ছিল অসামান্য অবদান। তাদের শক্তশালী কণ্ঠ ও দুর্দান্ত স্টেজ পারফরম্যান্স সেসময় তরুণদের মাঝে আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ফলে দীর্ঘ বিরতির পর একই আয়োজনে এই দুই তারকার উপস্থিতি পুরোনো দিনের শ্রোতাদের মনে পুরোনো স্মৃতি তাজা করবে বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম 'টিকিফাই ডট লাইভ'-এ কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। ‘আর্লি বার্ড’ ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কনসার্ট আয়োজনের যাবতীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে।

সব মিলিয়ে, জেমস-হাসানের মেলবন্ধন ও দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর জমকালো পরিবেশনা নিয়ে ঢাকায় একটি দুর্দান্ত রক নাইট অপেক্ষা করছে ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+