কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ’ রিসোর্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে সম্পূর্ণ রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টুপটুপ রিসোর্টে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হয়ে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই সেখানে অবস্থানরত পর্যটক।
বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন