কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন পাটোয়ারটেক এলাকার কাঠের তৈরি ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই ঘটনায় নিহত ১০ জনের মধ্যে পাঁচ নারী ও এক শিশুসহ ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ ও আহত আরও কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ওই রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, চিকিৎসাধীন ও আনা মরদেহ মিলিয়ে এ পর্যন্ত ১০ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিহত ও আহতদের পরিচয়:
শনাক্ত হওয়া নিহত পর্যটকরা হলেন— ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।
আহতদের মধ্যে চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদার (৩২) পরিচয় পাওয়া গেছে। চিকিৎসকেরা জানান, আহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন এবং একজনের আঘাত সামান্য হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি গঠন:
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, নিহত ও আহতদের সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সম্পূর্ণ রিসোর্টটি তিনতলা কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে এবং রিসোর্টটি পুড়ে ছাই হয়ে যায়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন