বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি আদালত। ২০১০ সালের একটি মৃত্যুর ঘটনায় দীর্ঘ ১৬ বছর পর তার বিরুদ্ধে এ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হলো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক পারিবারিক বিবাদের জেরে রাখি সাওয়ান্ত সঞ্চালিত একটি রিয়েলিটি শো-তে অংশ নেন। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানটির মঞ্চে রাখি ওই যুবকের উদ্দেশ্যে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। পর্বটি সম্প্রচারের পর ওই যুবক গভীর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন এবং পরবর্তীতে একই বছরে মারা যান।
লক্ষ্মণের মৃত্যুর পর তার মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলায় আত্মহত্যার প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগ আনা হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর আদালত এ পরোয়ানা জারি করেন। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানান, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে দ্রুত আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। অন্যথায় তাকে আইনি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন