হোম / সারাদেশ / বগুড়া ও সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত...
সারাদেশ

বগুড়া ও সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ডেস্ক রিপোর্ট
০৭ আগস্ট, ২০২৬ | ০১:১০ পূর্বাহ্ন
১৩১ বার পঠিত
ফন্ট:
কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষারত দিনমজুরদের ওপর বাস তুলে দেওয়ার ঘটনায় বগুড়ায় সাতজন প্রাণ হারিয়েছেন।

কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষারত দিনমজুরদের ওপর বাস তুলে দেওয়ার ঘটনায় বগুড়ায় সাতজন প্রাণ হারিয়েছেন। অপরদিকে সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে আরও আটটি প্রাণ। পৃথক এই দুটি দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এবং সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে। এতে দুই দুর্ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে সজোরে আঘাত করে। এ সময় সড়কের পাশে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩), আবদুর রহিম (৪৬) এবং জয়পুরহাটের তাজমুল (৪৫)।

অন্যদিকে সিলেট প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ৭টার দিকে জেলার ওসমানীনগর উপজেলার খাসীকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের দুটি স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারে ও এলাকায় গভীর শোকের মাতম চলছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+