নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, বরগুনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'আরপি পরিবহনের' একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৪টার দিকে সরকারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।
দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বনপাড়া হাইওয়ে থানার এসআই মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, "দুর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন