বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কুখ্যাত ‘লরেন্স বিষ্ণোই গ্যাং’য়ের নামে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর অডিও বার্তাকে কেন্দ্র করে বর্তমানে পুরো বলিপাড়ায় নতুন করে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া ওই অডিও বার্তায় কেবল সালমান খানই নন, তাঁর পরিবারের সদস্য এবং যেসব বলিউড তারকা তাঁর সাথে কাজ করছেন কিংবা করবেন, তাঁদের সবাইকে সরাসরি হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অডিওতে স্পষ্ট ভাষায় দাবি করা হয়, সালমানের সাথে কোনো ধরনের পেশাগত যোগাযোগ বা কাজ বজায় রাখলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
এ ছাড়া লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আগের নির্দেশনা অমান্য করার অভিযোগে জনপ্রিয় তরুণ অভিনেতা টাইগার শ্রফকেও পরবর্তী লক্ষ্যবস্তু (টার্গেট) হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে হুমকি প্রদানকারীরা উল্লেখ করেছে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই মুম্বাই পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। একই সাথে সালমান খান ও সংশ্লিষ্ট তারকাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন