ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে কিছুদিন ধরে তাঁর মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আব্দুর রহমানকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন