নেত্রকোণা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ৬ হাজার ১শ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ৩১ বিজিবি ব্যাটালিয়ন।
আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
লে. কর্নেল তৌহিদুল বারী জানান, গত ২৪ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৫০/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় ফুসকা, ৫৫ প্যাকেট শনপাপড়ি এবং ১৩০ বোতল অলিভ অয়েল জব্দ করা হয়। যার জব্দ মূল্য ৫২ হাজার ১শ টাকা।
তিনি আরও জানান, আজ রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৭/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে ফারাংপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এছাড়া একই দিন সকাল ৭টার দিকে বিজয়পুর বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১১৫২/এমপি থেকে আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে সোমেশ্বরী নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। যার মূল্য আনুমানিক ১ লাখ ৪ হাজার টাকা।
তিনটি অভিযানে মোট ২ লাখ ৬ হাজার ১ শত টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন