হোম / বিনোদন / সংসার ভাঙার বিষয়ে ফারুকী দিলেন নতুন খবর
বিনোদন

সংসার ভাঙার বিষয়ে ফারুকী দিলেন নতুন খবর

বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ | ০১:৪৭ অপরাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। অনলাইন ও অফলাইনে ছড়িয়ে পড়া এ খবর নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কেউ কেউ দাবি করছে, ফারুকী ও তিশা আপাতত দুজনে আলাদা থাকছেন।

অবশেষে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ফারুকী। তিনি এই খবরকে গুঞ্জন দাবি করে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়েছেন। বরং কাজ নিয়ে তিনি ও তিশা দুজনেই ব্যস্ত রয়েছেন বলে জানান।

নিজের নতুন সিনেমা ও বিজ্ঞাপনচিত্রের কাজের খবর জানিয়ে ফারুকী বলেন, তিশাও নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনায় ব্যস্ত রয়েছেন।

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তাকে নিয়ে আগেও নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। এখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফারুকীর ভাষ্য, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।


 

ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক, অন্য দুটি নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।

বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নতুন সিনেমার চিত্রনাট্য নিয়েও কাজ করছেন এই নির্মাতা। একটি সিনেমার গল্প লেখা শেষ করে আরেকটি গল্পের কাজ শুরু করেছেন তিনি।

নতুন সিনেমা প্রসঙ্গে ফারুকী বলেন, ‘ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।’

আরেকটি সিনেমার চিত্রনাট্যও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতাকে ঘিরে। তবে এর নাম এখনো চূড়ান্ত হয়নি।


 

এ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘রাজনীতি বললে পলিটিক্যাল স্যাটায়ার ভাবতে পারে অনেকে, যেহেতু আমি আগেও স্যাটায়ার করেছি। এটা আসলে ভীষণ হার্ট ব্রেকিং একটা স্টোরি।’

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

তিশার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে ফারুকীর সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে বৈঠকে ব্যস্ত রয়েছেন তিশা। এ কারণে ফোন ধরতে পারেননি তিনি।

সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি ফারুকী। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

 

মাতুভূমি/এএইচ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+