ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়ার করা আগের মামলার পরিপ্রেক্ষিতে পুনরায় বাদীকে হুমকির অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতে নতুন মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন সানায়া চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায়।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ২৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় একটি মামলা করেছিলেন বাদী সানায়া আনাম। গুলশানে বাদীর ফ্যাশন হাউস থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে তা ফেরত না দেওয়া এবং পরবর্তীতে শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি করা হয়েছিল। ওই মামলায় গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম অভিযোগের 'সত্যতা পায়নি' মর্মে প্রতিবেদন দাখিল করলে, বাদী গত ২৫ অক্টোবর সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন। আদালত নারাজি মঞ্জুর করে পিবিআইয়ের প্রতিবেদনটি পুনরায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
বাদীর অভিযোগ, মামলা ও তদন্ত প্রতিবেদন আসার পর থেকেই আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৭ নভেম্বর মোবাইল ফোনে বাদীকে হুমকি দিয়ে বলা হয়, "আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না..."। এছাড়া অজ্ঞাত লোক পাঠিয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি ও দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগে ও থানা কর্তৃপক্ষের পরামর্শে ন্যায়বিচার পাওয়ার আশায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই পিটিশন মামলা দায়ের করেন তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন