চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট কারখানার গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে নেত্রকোনার মদন শিবাশ্রম এলাকার বাসিন্দা ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় পাওয়া গেছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। চালক ও হেলপার বাসটি মেরামতের কাজ করার সময় যাত্রীরা বাস থেকে নেমে মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একইমুখী একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় আরও দুজন মারা যান।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে। ঘাতক লরিটি শনাক্তে কাজ করছে পুলিশ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন