চলমান আইনি জটিলতা ও বিতর্কের মাঝে অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। গত সোমবার দিবাগত রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সম্মানহানির চেষ্টার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
পোস্টে অভিনেত্রী প্রশ্ন রেখে লিখেছেন, একজন মানুষের দীর্ঘদিনের অর্জন ও সম্মান ধ্বংস করার পেছনে এমন ঘৃণ্য ও বিশাল পরিকল্পনা কেন? একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট তৈরি এবং সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, "অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ আমার কাছে আছে। কিন্তু সেই সত্য মানুষের সামনে তুলে ধরবে কে? আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা?" অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় কি না, সে প্রশ্নও তুলেছেন এই তারকা।
উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলাটি নিয়ে সম্প্রতি নতুন মোড় এসেছে। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন