নাটোরের গুরুদাসপুরে দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার দীর্ঘ ১২ দিন পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে মোটরসাইকেলে আসা দুই হেলেমেট পরা দুর্বৃত্ত শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুষ্কৃতকারীরা দুই রাউন্ড গুলি বর্ষণ করে। শাকিল আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
এ ঘটনায় নিহতের বাবা রবিউল করিম বাদী হয়ে গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, অভিযুক্তদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তথ্য গোপন রেখে তাদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে।
এদিকে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন