ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, ভুল তথ্য প্রচার এবং সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে অভিযোগ করা হয়, তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছেন। এছাড়া গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে 'ভাইরাল' করার হুমকি দিয়ে তিশা লিখেছিলেন, "ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।" পরবর্তীতে সানায়ার সম্মতি ছাড়াই ছবি ফেসবুকে প্রকাশ করে তার সামাজিক ও পেশাগত সম্মানহানি করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, তিশা তার পোস্টে সানায়া ও অপর এক উদ্যোক্তাকে 'বোন' হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের সৃষ্টি করেছেন। একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাদের পেশাগত পরিচয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অনুমতি ছাড়া ছবি প্রকাশ করা সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর স্পষ্ট লঙ্ঘন।
এ পরিস্থিতিতে নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া সংক্রান্ত সকল ছবি ও লেখা অপসারণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে আর্থিক মানহানি মামলা ও সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে তিশার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন