নাটোরের গুরুদাসপুরে বাস ও গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার বাসিন্দা আব্দুর রহমান, আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার উদ্দেশ্যে একটি গরুবাহী ভুটভুটি রওনা দেয়। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে ভুটভুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত দিন