জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র দীর্ঘদিনের সঞ্চালক ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। দীর্ঘ ১০ বছর ধরে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এবার পরিচিত মঞ্চ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। স্টার জলসার ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন সৌরভ। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
সম্প্রতি ‘টাফ টক উইথ ঋতব্রত’ পডকাস্টে অংশ নিয়ে ‘দাদাগিরি’ ছাড়ার কারণ জানিয়েছেন মহারাজ। তার কথায়, দীর্ঘদিন একই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার পর নতুন কিছু করার আগ্রহ তৈরি হয়েছিল। সেই ভাবনা থেকেই ‘বিগ বস বাংলা’ বেছে নিয়েছেন তিনি।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ক্রিকেটের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘অনেক দিন করেছি। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।’
অর্থাৎ, নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের খোঁজেই পরিচিত অনুষ্ঠান ছেড়ে ভিন্ন ধরনের রিয়েলিটি শোতে যুক্ত হয়েছেন তিনি।
এদিকে, স্টার জলসার সঙ্গে সৌরভের চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি রুপির চুক্তি হয়েছে বলে আলোচনা চলছে। এই চুক্তির আওতায় দুটি অনুষ্ঠান সঞ্চালনার কথা রয়েছে তার। এর মধ্যে রয়েছে ‘বিগ বস বাংলা’ এবং একটি কুইজভিত্তিক রিয়েলিটি শো। তবে চুক্তির অঙ্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সৌরভ।
‘দাদাগিরি’র সঞ্চালনার প্রস্তাব পাওয়ার পর অভিনেতা দেব তাকে ফোন করেছিলেন বলেও জানান সৌরভ। দেবের পরামর্শ ছিল, অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই অনুষ্ঠানটি পরিচালনা করা।
বর্তমানে দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’ দেখছেন সৌরভ। অনুষ্ঠানটি তার ভালোও লাগছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ‘বিগ বস বাংলা’য় তার সঞ্চালনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও নতুন ভূমিকায় নিজের মতো করেই এগিয়ে যেতে চান মহারাজ।
মাতুভূমি/এএইচ

আপনার মতামত দিন