টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের একসময়ে নিয়মিত মুখ অভিনেতা সমু চৌধুরী দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন। অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না পরিবার—এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘ। গুণী এই অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। এরপর তার পরিবারের বর্তমান পরিস্থিতি জেনে দ্রুত উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, পরিবারের অনুমতি পাওয়ায় এবার চিকিৎসার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। চিকিৎসা বাবদ যাবতীয় ব্যয় বহন করবে সংগঠনটি।
উল্লেখ্য, সমু চৌধুরীর অসুস্থতার পাশে দাঁড়ানোর এটিই প্রথম চেষ্টা নয়। প্রায় তিন বছর আগেও অভিনেতার পাশে দাঁড়িয়েছিল অভিনয়শিল্পী সংঘ। সে সময় গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন সংগঠনের সদস্যরা। তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না থাকায় তা আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন