হোম / বিনোদন / ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের...
বিনোদন

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের সামানজার সাঈদ

বিনোদন ডেস্ক
০৮ আগস্ট, ২০২৬ | ০১:২৮ পূর্বাহ্ন
৮১ বার পঠিত
ফন্ট:
‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন সামানজার সাঈদ।

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন সামানজার সাঈদ। রোববার (৯ আগস্ট) দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আসরে যোগ দিতে আজ শনিবার ঢাকা ছাড়ছেন তিনি।

ভিয়েতনাম উড়াল দেওয়ার আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্যের কথা তুলে ধরেন সামানজার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজিতে স্নাতক সম্পন্ন করা সামানজার মূলত কৌতূহলবশত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং প্রথমবার অংশ নিয়েই বিজয়ের মুকুট ছিনিয়ে নেন।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য প্রকাশ করে সামানজার বলেন, “মঞ্চে যেন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারি—এটিই আমার প্রধান চাওয়া। এত দিন যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য।” তিনি জানান, বিজয়ী হওয়ার পর থেকেই ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা বিষয়ে তিনি নিবিড় গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন, যা তাঁর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি অনুরাগী সামানজার টানা চার বছর কত্থক ও ভরতনাট্যমের ওপর তালিম নিয়েছেন। পড়াশোনার চাপের কারণে এতদিন এসব থেকে কিছুটা দূরে থাকলেও এখন আবার নিজ পছন্দের কাজে মনোযোগ দিতে চান তিনি। এমনকি ব্যাটে-বলে মিললে ভবিষ্যতে অভিনয়ের জগতেও পা রাখার আগ্রহ প্রকাশ করেছেন এই সুন্দরী।

উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ খেতাব জেতেন সামানজার সাঈদ। বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকা তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে স্বাগতা সাহা ও লাবিবা মনজুর।

আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পর্দা নামবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর। বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে দেশের জন্য নতুন সম্মান বয়ে আনাই এখন সামানজারের প্রধান লক্ষ্য।

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+