চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য এক হাজার কিট সরবরাহ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের ব্যক্তিগত উদ্যোগে এই চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ৫০ শয্যা বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বীর হাতে আনুষ্ঠানিকভাবে এই কিটগুলো তুলে দেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস এবং মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইটসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। পর্যাপ্ত কিটের অভাবে পরীক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে, বিষয়টি জানতে পেরে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ড. সাইমুম পারভেজের পক্ষ থেকে এই কিটগুলো পাঠানো হয়।
কিট গ্রহণের পর ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বী বলেন, "এই কিটগুলো পাওয়ায় রোগীদের সেবা দেওয়া আরও সহজ হবে। উন্নতমানের এসব কিট দিয়ে এখন নির্বিঘ্নে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।"
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন