দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের। তবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের চরম অনিশ্চয়তা থেকেই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রেমিক রকি জয়সওয়ালও সেই প্রস্তাবে সাড়া দিলে শেষ পর্যন্ত মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার একটি নতুন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের আকস্মিক বিয়ের এই নেপথ্য গল্প শোনান হিনা। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। তখন তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।
আকস্মিক সিদ্ধান্তের কথা জানিয়ে হিনা বলেন, "আমাদের বিয়ের জন্য আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। আমরা এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে আছি। তবে ক্যানসারের চিকিৎসার সময় শারীরিক পরিস্থিতি ও ভবিষ্যতের অনিশ্চয়তা দেখে রকিকে বলেছিলাম—হয় তুমি নিজের মতো জীবন গুছিয়ে নাও, নয়তো আমাকে বিয়ে করো। কারণ আগামীকাল কী হবে, তা আমার জানা নেই।"
সানিয়া মির্জার প্রশ্নের জবাবে হিনা নিশ্চিত করেন, তাদের বিয়ের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১৫ মিনিটেরও কম সময় লেগেছিল। রকি কখনোই তার সিদ্ধান্ত বা প্রস্তাবে আপত্তি জানাননি বলে মন্তব্য করেন তিনি।
জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে প্রথম পরিচয় হয়েছিল হিনা খান ও রকি জয়সওয়ালের। হিনা অভিনয় করতেন কেন্দ্রীয় চরিত্র 'অক্ষরা' হিসেবে, আর রকি যুক্ত ছিলেন প্রযোজনা বিভাগে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেমের শুরু। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। ক্যানসারের কঠিন যুদ্ধসহ নানা প্রতিকূল সময়ে হিনার পাশে ছায়ার মতো থেকেছেন রকি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন