কক্সবাজারের উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ওয়াশরুমের দরজা ভেঙে সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। এরপর ক্যাম্পের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা চালিয়েও কোনো সাড়া পাননি।
শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
পরবর্তীকালে পুলিশ ও চিকিৎসকের উপস্থিতিতে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন