অনুপম রূপ, গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় যিনি জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়, সেই নন্দিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ৫৩তম জন্মদিন আজ। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তিনি বহু তরুণ-তরুণীর আইকন।
১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। বাবার চাকরির সূত্রে পরবর্তীতে পরিবারসহ মুম্বাইয়ে চলে আসেন। শৈশবেই ভরতনাট্যমসহ ধ্রুপদি নাচে তালিম নেওয়া ঐশ্বরিয়া ১৯৯১ সালে মডেলিং দিয়ে তাঁর পথচলা শুরু করেন। এরপর ১৯৯৪ সালে 'মিস ওয়ার্ল্ড' খেতাব জয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি।
অভিনয়ে তাঁর পথচলা শুরু হয় ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল চলচ্চিত্র ‘ইরুবার’-এর মাধ্যমে। একই বছর ‘অউর পেয়ার হো গায়া’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তাঁর। তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোশ’ এবং ‘মহাব্বতে’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর সাফল্যের স্বর্ণযুগ শুরু হয়। পরবর্তীতে ‘দেবদাস’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’, ‘গুজারিশ’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘এথিরাম’ ও ‘পন্নিয়িন সেলভান’-এর মতো আলোচিত চলচ্চিত্রে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
কর্মজীবনে সাফল্যের স্বীকৃতি হিসেবে দুটি ফিল্মফেয়ার, ছয়টি আইফাসহ প্রায় দেড় শতাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত করে। অভিনয়ের পাশাপাশি বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব ও সফল বিনিয়োগের মাধ্যমে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন; বিভিন্ন সূত্রের তথ্যমতে বর্তমানে যার আর্থিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,২০০ কোটি টাকা)।
ব্যক্তিগত জীবনে ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের একমাত্র কন্যা আরাধ্য বচ্চন। ঐশ্বরিয়াকে সর্বশেষ ২০২৩ সালে ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায় বড় পর্দায় দেখা গিয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন