চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ কাঁচা রাস্তা পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে RDRIDP প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, "বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করার দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। এই রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের সেই প্রত্যাশা পূরণের পথ সুগম হলো।" তিনি আরও বলেন, রাস্তাটি পাকা হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে চলাচলে সাধারণ মানুষ বিশেষ সুবিধা পাবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ মো. আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়দের মতে, এই গুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরণ সম্পন্ন হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত হবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন