সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আবহাওয়ার বৈরী পরিস্থিতির আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) এক সতর্কবার্তায় এনসিএম জানায়, দৃষ্টিসীমা চরম পর্যায়ে নেমে আসার মতো ঘন কুয়াশার কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য এলাকায় জারি রয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। আবহাওয়ার পরিভাষায় রেড অ্যালার্ট গুরুতর বিপদের সংকেত বহন করে, আর অরেঞ্জ অ্যালার্ট সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির আগাম সতর্কতা নির্দেশ করে।
আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী—জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। আকস্মিক প্লাবন ও বন্যার ঝুঁকির কথা জানিয়ে নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলে মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি রাখা হয়েছে।
এর পাশাপাশি রাজধানী রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় তীব্র বাতাসের কারণে ধুলো ও বালুঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে এনসিএম।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন