হোম / বিশ্ব / বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ব

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর, ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ন
৫১ বার পঠিত
ফন্ট:
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো আলোচনার খবর প্রকাশের পর সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এই পতন দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচার দর ব্যারেলপ্রতি ১.৫৯ ডলার বা ১.৪০ শতাংশ কমে ১১১.৮৪ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৫৬ ডলার বা ১.৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২.৫৬ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, গত সপ্তাহের বড় উত্থানের পর জ্বালানি বাজারে এই কিছুটা সংশোধন দেখা যাচ্ছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং সপ্তাহান্তে বড় কোনো সামরিক সংঘাত না হওয়ায় বাজারে তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনাকে 'অগ্রগতিশীল' উল্লেখ করে তিনি বলেন, তেহরান প্রতিরক্ষা ও কূটনীতি—উভয় ক্ষেত্রেই প্রস্তুত। মূলত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর এই তড়িৎ কূটনৈতিক তৎপরতা শুরু হয়।

তবে পরিস্থিতি পুরোপুরি শঙ্কামুক্ত নয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর উত্তেজনা ফের বাড়লে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

এদিকে, তিনটি সংস্থাই নিশ্চিত করেছে যে অক্টোবরে সৌদি আরবের অপরিশোধিত তেল রফতানি সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে। অন্যদিকে, তেল রফতানিকারক দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’ তাদের ডিসেম্বরের উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সার্বিকভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ওপেক প্লাসের নীতি আগামী দিনে বিশ্ব তেলের বাজারের গতিপথ নির্ধারণ করবে।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+