জাপানের হোক্কাইডো দ্বীপে একটি বন্য ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় ট্রেনের ৩২ জন যাত্রী ও ক্রুদের কেউ হতাহত হননি। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘জেআর হোক্কাইডো’ এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় শহর ওয়াক্কানাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া চার বগির ‘সারোবেতসু লিমিটেড এক্সপ্রেস’ ট্রেনটির সঙ্গে একটি ভাল্লুকের আকস্মিক ধাক্কা লাগে। রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে তেশিও-নাকাগাওয়া ও তোইকামবেতসু স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তীব্র সংঘর্ষের ফলে ট্রেনটির সামনের বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার পর গভীর রাতে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালানো সম্ভব না হওয়ায় যাত্রী ও ট্রেনের কর্মীরা সারারাত ট্রেনের ভেতরেই অবস্থান করেন। পরবর্তীতে শনিবার সকালে ঘটনাস্থল থেকে বিশেষ ব্যবস্থায় ট্যাক্সিতে করে তাদের নিরাপদ গন্তব্যে সরিয়ে নেওয়া হয়।
এদিকে এই দুর্ঘটনার কারণে শনিবার ওয়াক্কানাই থেকে ওতোইনেপ্পু পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার রেলপথে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। রেললাইন মেরামত ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন