মেহেরপুরের গাংনীতে ১০টি ল্যান্ডমাইন ও পাঁচটি ল্যান্ডমাইন বক্স সদৃশ বস্তু পাওয়া গেছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামে জমিতে কাজ করার সময় মাটির নিচে বস্তুগুলো দেখতে পান স্থানীয় শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কৃষিকাজ করার সময় শ্রমিকরা মাটির নিচে এসব ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের বক্স সদৃশ বস্তু দেখতে পান। খবরটি জানাজানি হলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সেই যুদ্ধের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত ল্যান্ডমাইন বা সামরিক সরঞ্জামই দীর্ঘ সময় পর মাটির নিচ থেকে বেরিয়ে এসে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনাবাহিনী বা পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার পর উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে।

আপনার মতামত দিন