বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবর। পূর্ণাঙ্গ বোর্ডের দায়িত্বে থেকেও টুর্নামেন্টটি আয়োজন করতে না পারায় বিসিবির বর্তমান নেতৃত্বের সক্ষমতা ও কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবির ভেতরের পরিবেশ, আর্থিক ব্যবস্থাপনা ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিসিবি সভাপতি তামিম ইকবালের নাম সরাসরি উল্লেখ না করলেও অন্তর্বর্তীকালীন ও বর্তমান বোর্ডের ওপর অসন্তোষ প্রকাশ করে আসিফ বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মাথায় বিপিএল আয়োজন করেছিলাম। তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, বর্তমান নেতৃত্বের সেই সক্ষমতা নেই।”
সাধারণত প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আর্থিক লোকসান ও অভ্যন্তরীণ সংস্কারের অজুহাতে এবার স্থগিত রাখার কথা জানান বিসিবি প্রধান। আসিফ আকবরের মতে, ক্রিকেট বোর্ড এখন আর খেলা পরিচালনার মূল কেন্দ্র নেই, বরং আড্ডার জায়গায় পরিণত হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, পূর্বে পাঁচ লাখ টাকার বেশি খরচে টেন্ডারের বাধ্যবাধকতা থাকলেও এখন কোটি কোটি টাকা টেন্ডার ছাড়াই ব্যয় করা হচ্ছে।
বক্তব্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রসঙ্গও টেনে আনেন বিসিবির সাবেক এই পরিচালক। তার দাবি, বিগত দিনে বিসিবি ও আইসিসির দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিতে ছিল। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং বাইরের ক্রিকেট বোর্ডের সহযোগিতায় বোর্ড গঠিত হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
ক্রিকেট বোর্ডের পাশাপাশি দেশের পুরো ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ বন্ধের জোর দাবি জানান আসিফ আকবর।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন