হোম / খেলাধুলা / ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে আফগানিস্তান
খেলাধুলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:

ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। এর আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এত ওপরে উঠতে পারেনি আফগানরা।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকে ধীরে ধীরে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করে তারা।

এ পর্যন্ত ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জয়ের পর জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল আফগানরা।

আফগানিস্তানের এই উন্নতির ফলে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছিল দলটি। এবার শ্রীলঙ্কাকে টপকে ছয়ে উঠে নিজেদের অবস্থান আরও শক্ত করল আফগানিস্তান।

অন্যদিকে, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান চতুর্থ এবং অস্ট্রেলিয়া রয়েছে পঞ্চম স্থানে।

 

মাতুভূমি/এএইচ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+